সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে চারজনই দুর্ঘটনা কবলিত গাড়ি চালক। এদের একজন ক্রেন চালক, একজন ট্রলি চালক, একজন ভটভটি চালক এবং একজন নসিমন চালক। এছাড়া সাতক্ষীরায় রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা শিশু হাসপাতালের এক শিশু চিকিত্সকের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক-ক্রেন সংঘর্ষে ক্রেন চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। নিহত ক্রেন চালকের নাম হোসেন আলী। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে। গত শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, সাঁথিয়ার পাবনা-নগরবাড়ি মহাসড়কের গাঙ্গুহাটি নামক স্থানে শনিবার সকালে ইট বোঝাই ট্রলির সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছে। ট্রলি চালকের নাম সাজিত (৩২)। সে আমিনপুর থানার রূপপুর গ্রামের ওহাব আলীর ছেলে। এ সময় চালকের সহকারীসহ আরো তিনজন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মো. সিপুল (৩৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর-বগুড়া মহাসড়কের নিতাইশাহ পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের আক্কেলপুরে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে ভটভটির চালক নিহত। ভটভটি চালকের নাম আব্দুস সালাম (৩৫)। তার বাড়ি জামালপুর গ্রামে।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা শিশু হাসপাতালের বিশেষজ্ঞ শিশু চিকিত্সক মোস্তফা নুর মোহাম্মদ (৫৫) নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে বাগআচড়া মোকামে রোগী দেখে মোটরসাইকেলে করে শ্যামনগরে ফেরার পথে কলারোয়ায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে গতকাল শনিবার ভোরে আরিচাঘাটে তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলায় পদ্মপুকুর ইউনিয়নের কেদারবাজার গ্রামে আলহাজ মকবুল হোসেন মোল্যার ছেলে।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল শনিবার সকালে গোপালপুর-ধনবাড়ী সড়কের নরিল্লা নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হন। গুরুতর আহত হন দৈনিক যুগান্তর ও দৈনিক মজলুমের কণ্ঠের গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন। সেলিম পেশাগত কাজে ধনবাড়ী যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
