ট্রলের শিকার হওয়া শান্তই এখন টাইগারদের ভরসা

আপডেট : ১৪ মে ২০২৩, ১০:১৬

এই তো গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাজমুল হাসান শান্তকে স্কোয়াডে রাখার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের তুলোধুনা করেছিল সমর্থকরা। শান্তকে কেনো দলে জায়গা দেওয়া হয়েছে এই নিয়েই সমর্থকদের যত ক্ষোভ, অবশ্য তার কারণও ছিল তখন। এর আগে শান্ত যতবারই দলে জায়গা পেয়েছিল ছিলেন ব্যর্থ। চড়া মেজাজে খেলায় তিনি খেলতেন কচ্ছপের গতিতে, বল খরচ করে দলকে কিছু দিতেও ছিলেন ব্যর্থ। 

সেই বিশ্বকাপ থেকেই যেন এক নতুন অধ্যায় লেখা শুরু করলেন বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে শেষে তিনিই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরই যেন আর ফিরে দেখছেন না শান্ত। এখন তো প্রায়ই তাকে দেখা যায় দলের গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরতে। 

শুক্রবার (১২ মে) দলের খারাপ মুহূর্তে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে টাইগারদের জয় পেতে বড় অবদান রাখেন শান্ত। বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে। আজ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশ সময় পৌনে চারটায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গত শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামে টাইগাররা। আর এ ম্যাচেও হামলা দেয় বৃষ্টি তবে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর বৃষ্টি থেমে গেলে ৫ ওভার কমিয়ে মাঠে গড়ায় খেলা।

এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নির্ধারিত ৪৫ ওভার শেষে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক আইরিশরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সাবধানী ভাবে ওপেনার তামিম-লিটন শুরু করলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দলীয় ৪০ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপরই উইকেটে আসেন শান্ত-সাকিব। দলের চাপ সামলে এগোতে থাকেন জয়ের পথে, গড়েন ৬১ রানের জুটিও। তবে হঠাৎই কার্টিস ক্যামফারের শিকার হয়ে সাঁজঘরে ফেরেন সাকিব। দেশসেরা অলরাউন্ডার ফিরলেও উইকেটে থিতু হয়ে থাকেন শান্ত।

টাইগারদের এই জয়ে ম্যাচ সেরাও হন ভক্তদের নিকট থেকে সর্বোচ্চ ট্রলের শিকার হওয়া নাজমুল হাসান শান্ত। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে শান্তর অভিষেক হয় ২০১৭ সালে। এরপর কেটে গেছে ছয় বছর, এ সময়গুলোতে শান্ত প্রচুর পরিমাণে কটু কথা শুনেছের নিজের পারফরম্যান্সের জন্য। তবে এখন আর সেইরকম সময় যাচ্ছে না শান্তর। দিন দিন বেড়েই চলছে শান্তর ভক্তের সংখ্যা।

ইত্তেফাক/এসএস