মোটরসাইকেলের জন্যই প্রাণ গেল টাঙ্গাইলের কালিহাতীর যুবক সজীব মিয়ার। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন : টাঙ্গাইল পুলিশ লাইনসের কনস্টেবল মোশারফ হোসেন হূদয়, ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে সজিব হোসেন ও সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনিরুজ্জামান মনির। এদের মধ্যে সজীব ও হূদয় গত শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সজিব ও হূদয়কে বৃহস্পতিবার এবং মনিরকে শুক্রবার গ্রেফতার করা হয়। গতকাল শনিবার টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ জুন বিকালে কালিহাতীর হাতিয়া উত্তরপাড়া বাজারের কাছে রাস্তার পাশে জঙ্গল থেকে মাথা থ্যাঁতলানো ও গলায় রশি পেঁচানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ি গ্রামের ছামাদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম কালিহাতী থানায় গিয়ে মৃতদেহটি তার ছেলে সজিব মিয়ার বলে শনাক্ত করেন। সজিবের মা পুলিশকে জানান, গত ১৪ জুন তার ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৭ জুন জাহানারা বেগম কালিহাতী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
