ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর সোনাদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি, কক্সবাজার সদরের চৌফলদন্ডী, খুরুশকুল, ঈদগাঁওর গোমাতলী, পোকখালীতে স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাসের ধারণা করছে সংশ্লিষ্টরা।
আর এই সম্ভাব্যের কারণে আহত ও অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আলাদা ৩৫ বেডের একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা সেবা দিতে ৩৫ জনের একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য আহত বা আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালের চতুর্থ তলায় ৩৫ বেডের আলাদা একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে যতই রোগী সেবা নিতে আসবে তাদের সেবা নিশ্চিত করতে এটি পূর্বপ্রস্তুতি।
তিনি বলেন, রোগীদের সেবা দিতে থাকছেন ৩৫ সদস্যের মেডিকেল টিমও। হাসপাতালে কর্মরত সকলের ছুটিও বাতিল করা হয়েছে।
