কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপহৃত সাত মাস বয়সী শিশু মোহাম্মদকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) রাতে চট্টগ্রামের ডবল মুড়িং এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মাহমুদা আক্তার (৩২) নামে এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।
অপহৃত শিশু মোহাম্মদ মিয়া উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
অপহরণকারী মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে এবং একই উপজেলার শাহপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
অপহৃত শিশুর মা শিউলী আক্তার বলেন, ছেলে মোহাম্মদকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসেছিলেন। এ সময় তার সঙ্গে পূর্বপরিচিত প্রতিবেশী ভাড়াটিয়া মাহমুদা আক্তারকেও নিয়ে আসেন। ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখাতে ছেলেকে মাহমুদার কোলে দিয়ে পুনরায় ডাক্তারের কক্ষে যান।
কিছুক্ষণ পর ডাক্তারের কক্ষ থেকে বের হয়ে দেখেন মাহমুদা ও তার ছেলে কেউই নেই। অনেক ছুটাছুটির পরও তাদের খোঁজে না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালামের কার্যালয়ে গিয়ে ঘটনার বিস্তারিত জানান। স্বাস্থ্য কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি থানাকে অবহিত করেন।
হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপনা বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা শিউলী বেগম এবং তার স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় টিম পাঠায়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের ডবল মুড়িং নিউমডেল থানা পুলিশের সহযোগিতায় রাতের মধ্যেই শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী মাহমুদাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অপহরণকারী মাহমুদার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, ‘শিউলী বেগম রিপোর্ট দেখাতেই এসেছিলেন। যাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সেই নারীই নাকি তার শিশু ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক থানাকে অবহিত করি।
