খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে বিএনপি

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী এক মাসের মধ্যে এই কর্মসূচি পালন হবে। মিছিল-সমাবেশ করবে দলটি। গতকাল শনিবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সভা নিয়মিত চলবে। আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভা আবারও বসবে।

মির্জা ফখরুল বয়সসীমা প্রত্যাহার করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের বিলুপ্ত কমিটির বয়স্ক নেতাদের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর বিদ্রোহী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার নিন্দা জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রূপপুরে পারমাণবিক প্রকল্পের প্রকৌশলী মাসুদুল আলম কোনো দিনই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।

বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।