প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের নিয়ে জিএম কাদেরের প্রথম সভা

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:২৪

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল শনিবার প্রথমবারের মতো দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা করলেন জি এম কাদের। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের অনুপস্থিতিতে তার বনানী কার্যালয়ে সহোদর জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের কেউ গেছেন, কেউ যাননি। বিশেষ করে, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রত্না আমিন হাওলাদার, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতার ও মীর আব্দুস সবুর আসুদসহ উল্লেখযোগ্য নেতারা জি এম কাদেরের ডাকা বৈঠকে যাননি।

মাসুদা রশীদ চৌধুরীকে নিয়ে আলোচনা

একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাপার সংসদ সদস্য প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীকে নিয়ে গতকালের সভায় দীর্ঘ আলোচনা হয়েছে। জানা গেছে, মনোনয়ন লাভের আগে করা লিখিত ‘অঙ্গীকার’ রক্ষা না করায় তাকে শোকজ নোটিশ দেওয়া এবং সর্বশেষ তার প্রেসিডিয়াম সদস্যসহ দলের সকল পদ স্থগিত করা নিয়ে প্রেসিডিয়াম সদস্যদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন।