আন্তর্জাতিক ক্রিকেট বেশ বড়সড় পরিবর্তন আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা কার্যকর হবে ১ জুন থেকে। যে বিষয়গুলোতে পরিবর্তন আনা হয়েছে তার একটি সফট সিগন্যাল।
সাধারণত কোনো সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা থাকলে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সহযোগিতা চান। সে সময় মাঠের আম্পায়ারকে নিজের একটি সিদ্ধান্ত থার্ড আম্পায়ারকে জানিয়ে থাকেন। থার্ড আম্পায়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দোটানায় ভুগলে মাঠের আম্পায়ারের মতকেই গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়ম বাতিলের ফলে থার্ড আম্পায়ারের গুরুত্ব আরও বাড়বে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেটবাজ এক প্রতিবেদনে জানায়, আইসিসির ক্রিকেট কমিটি সফট সিগন্যাল ব্যবস্থা বাতিল করে সংশোধিত প্লেয়িং কন্ডিশনের অনুমোদন দিয়েছে। এছাড়াও আরও দুটি বড় পরিবর্তন এনেছে আইসিসি। সূর্যের আলো কমে গেলে ফ্লাড লাইট ব্যবহার করা যাবে। আর টেস্টে রাখা হবে রিজার্ভ ডে। তবে শুধুমাত্র এক টেস্ট ম্যাচের সিরিজেই রাখা হবে রিজার্ভ ডে।
