গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭৮ বছর বয়সী এক মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জন শিং-ওয়ান লেউং। সোমবার একটি অন্তর্বর্তী গণ-আদালতের উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এই শাস্তির খবর পাওয়া যায়।
দুই বছর আগে লেইংকে গ্রেফতার করে চীনের গোয়েন্দা সংস্থা। চীনের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান লক্ষ্য।
আদালত জানায়, ৭৮ বছর বয়সী লেউইংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও সোমবার একটি সংবাদ সম্মেলনের সময় মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
