বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি আমরা। এরই মধ্যে আমাদের জেলা ও অঙ্গ-সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম ও পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এগুলো শেষ হলেই কাউন্সিল হবে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। স্থায়ী কমিটিতে সদ্য পদোন্নতি পাওয়া দুই সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য ও গুরুত্বপূর্ণ পদে প্রয়োজন হলে মনোনয়ন দিতে ও নির্বাচিত করতে পারবেন। দলের কাউন্সিলেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
