বাংলাদেশে আসছেন বান কি মুন ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:২৯

আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। গতকাল শনিবার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তাকেদু ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আগামী জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৮ থেকে ১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া আগামী ১৩ থেকে ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। তাদের এই সফর খুবই উল্লেখযোগ্য ঘটনা হবে আমাদের জন্য। বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।