ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ (অনূর্ধ্ব-১৭ এবং-১৯) টুর্নামেন্ট। দুই বিভাগেই ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। সোমবার (১৫ মে) বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দল পরস্পরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামলে সেটি এক প্রকার ফাইনালের মহড়া হয়ে গিয়েছিলো। সেই মহড়ার দুই ম্যাচেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে ভারত। আগামীকাল বুধবার (১৭ মে) ফাইনালে আবার মুখোমুখি হবে দুই দল।
গতকাল দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তারপরও হারতে হয়েছে। ভারত ৪৩-৩৩ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এই ম্যাচ চলাকালীনই অনুর্ধ্ব-১৯ নারী হ্যান্ডবল দল মাঠে ছিল। জয়ের প্রস্তুতি নিয়েও হেরেছে। ৪০-১৮ গোলে হারিয়েছে ভারত। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দাঁড়াতেই পারেনি ভারতীয় মেয়েদের সামনে। একপেশে লড়াইয়ে বাংলাদেশের জুনিয়র দলটি হেরেছে।
হারলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডালিয়া আক্তার খুশি মেয়েদের পারফরম্যান্সে, ‘আমার দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে খেলতে পারেনি। তাছাড়া মাত্র এক মাসের প্রস্তুতি নিয়েছি আমরা। সেই হিসেবে মেয়েরা খুবই ভালো খেলেছে। কারণ ভারত অনেক দিন ধরে হ্যান্ডবল খেলে। অনেক অভিজ্ঞ ওরা। সেই হিসেবে আমরা ওদের সঙ্গে দারুণ লড়াই করেছি। আর এতেই আমি খুশি। তবে ফাইনালে এই দলের বিপক্ষে কৌশলে কিছু পরিবর্তন আনব। আমি মনে করি এই মেয়েদের আরো ভালো খেলার সামর্থ্য আছে।’ আজ তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে দুপুর ২টায় এবং ৪টায় খেলবে মালদ্বীপ-নেপাল।
