অ্যাশেজের আগে ইনজুরিতে অ্যান্ডারসন

আপডেট : ১৬ মে ২০২৩, ১২:৪১

সামনে মাসে শুরু হতে যাওয়া গ্রীষ্মের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ডান কুঁচকির ইনজুরিতে পড়েছেন  তিনি।  

ওল্ড ট্রাফোর্ডে সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অ্যান্ডারসন। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ম্যাচে ১৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন অ্যান্ডারসন।

আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট শুরু হওয়ার তিন সপ্তাহ আগে অ্যান্ডারসনের ইনজুরি নিয়ে এখন পর্যন্তও কোন অফিসিয়াল আপডেট দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, আগামী সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। অ্যান্ডারসনের স্ক্যান রিপোর্টের জন্য সময় নিবে তারা।

এদিকে অ্যাশেজ শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় বাকি।  আগামী ১১ জুনের মধ্যে কোন প্রথমন শ্রেণির খেলা নেই ল্যাঙ্কাশায়ারের। এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে হলে ফিটনেস প্রমাণের জন্য লড়াই করতে হবে টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনকে।

এবারের ইনজুরিতে ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরের স্মৃতি জাগিয়ে তুলেছে। প্রথম টেস্টে চার ওভার বল করার পর কাফ ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছিলেন অ্যান্ডারসন। এই মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে এখন পর্যন্ত পাঁচটির মধ্যে চারটি ম্যাচ খেলে ২০.৩০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন ৪০ বছর বয়সী অ্যান্ডারসন।

এদিকে, আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের শুরু থেকে আরেক পেসার জোফরা আর্চারকে পাওয়া নিয়েও সংশয়ে আছে ইংল্যান্ড। কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হতে পুর্নবাসন প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে আইপিএলের ছেড়ে দেশে ফিরেছেন তিনি। 

ইত্তেফাক/এসএস