দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২টার দিকে মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠানে শাজাহান খান এ কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক ভালো। যে কারণে মানুষের নিরাপত্তাও অনেকটা ভালো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের যে কথা বলা হয়েছে। মূলত সব দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তাদের বিষয়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাববে। সরকার তাদের নিরাপত্তার বিষয় নিয়েও ভাবছে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য বলেন, বিএনপি বিভিন্ন দেশে আমাদের নিষেধাজ্ঞা জন্যে তদবীর করেছিল কিন্তু তাদের সেই তদবীর কাজে আসেনি। ফলে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে যেসব দেশ নিষেধাজ্ঞা দিবেন, তাদের থেকে কোনো মালামাল কেনা হবে না। এতে বোঝা যায়, দিন দিন বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমীন।
