বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, 'পরিবেশ দূষণরোধে শিক্ষার্থী ও তরুণ সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ দূষণ রোধে বিশেষ করে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই বিতর্ক প্রতিযোগিতা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।'
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মীর্জা শওকত আলী।
উল্লেখ্য, দু'দিনব্যাপী এই প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।
