আইসিসির আয়ের সিংহভাগ পাবে ভারত, চটেছে পাকিস্তান

আপডেট : ১৬ মে ২০২৩, ২১:৪৮

সম্প্রতি ২০২৪-২৭ সালের রাজস্ব বণ্টনের পরবর্তী প্রস্তাবিত মডেল প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আইসিসির আয়ের সিংহভাগ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইসিসির আয়ের ৩৮.৫০ শতাংশ পাবে ভারত। তবে নতুন এই মডেলে দেখে চটেছে পাকিস্তান।

২০২৪-২৭ সালের আইসিসি প্রস্তাবিত আর্থিক মডেল।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায়,  ২০২৪-২৭ চক্রে আইসিসির লভ্যাংশের ৩৮.৫০ শতাংশ পাবে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া সেখানে পাবে ৬.৮৯ শতাংশ। পাকিস্তান পাবে ৫.৭৫ শতাংশ আর বাংলাদেশ পাবে ৪.৪৬ শতাংশ।

প্রস্তাবিত এ মডেলে খুশি নন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইসিসিকে আমাদের বলতে হবে, কীভাবে এ অঙ্কটা ঠিক করা হলো। এখনকার যে অবস্থা, তাতে আমরা খুশি নই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

এই মডেল এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসে আইসিসির বোর্ড সভায় ভোটের মাধ্যমে ঠিক হবে। এই প্রসঙ্গে নাজাম আরও বলেন, ‘জুনে আইসিসির বোর্ড যখন এই আর্থিক মডেল অনুমোদনের প্রত্যাশা করছে, আমাদের বিস্তারিত না জানালে আমরা অনুমোদন দেব না।’

 

 

ইত্তেফাক/জেডএইচ