সামির হ্যাটট্রিক, তবুও কষ্টেই জিতলো ভারত

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:৫৬

মোহাম্মদ সামির শেষ ওভারের হ্যাটট্রিকে ভারত চাপে পড়েও রুদ্ধশ্বাস লড়াই শেষে আফগানিস্তানকে ১১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে থাকলো। ইংল্যান্ডকে হঠিয়ে উঠে এলো তৃতীয় স্থানে।

এ হারে বিশ্বকাপ থেকে আগাম বিদায় নিল আফগানিস্তান। বিফলে গেল মোহাম্মদ নবির ৫২ রানের লড়াকু ইনিংসটি। বল হাতেও দুই উইকেট নিয়েছিলেন এই আইপিএল তারকা। পাশাপাশি একটা ঐতিহাসিক জয়ের কাছে এসেও ফিরে গেল আফগানরা।

ভারত গতকাল সাউদাম্পটনে অনুষ্ঠিত বিশ্বকাপের খেলাটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২২৪ রানের বেশি তুলতে না পারায় খেলাটির ভাগ্য নিয়ে দোলাচল ছিল। কারণ তুলনামুলক বিচারে সংগ্রহটি ছিল কম। যদিও ভারতের বোলাররা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে শুধু জয়ই নিশ্চিত করেননি, অপরাজিতও রাখেন দলকে।

সামি হ্যাটট্রিক করলেও ২৯তম ওভারে বুমরা দুই উইকেট নিয়েই খেলাটিকে ভারতের দিকে ঘোরান। তারপরও ক্ষণে ক্ষণে বাড়ছিল চাপ। শেষ পর্যন্ত অন্তিম ওভারে ফাস্ট বোলার সামি তিন উইকেট নিলে সংশয়ের অবসান ঘটে। সামি ৯.৫ ওভার বোলিং করে ৪০ রানে চার উইকেন নেন।

তবে ম্যান অব দ্য ম্যাচ হন বুমরাই। তিনি উইকেট দুটি নেন ৩৯ রান দিয়ে। বুমরাহ আঘাত হানার পর আফগানরা ১০৬/২ থেকে গড়িয়ে যায় ১৬৬/৬ এ।

কালকের এ খেলাটিতে বোলারদেরও আগে হাল ধরতে হয়েছিল অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদবকে। মুলত এই দুজনের চেষ্টায় ভারতের রান দুইশ ছাড়াতে সক্ষম হয়। কোহলি দলীয় সাত রানে প্রথম উইকেট পড়ে যাবার পর হাল ধরেন। তিনি ৬৭ রান করে আউট হয়ে যাওয়ার পরও ভারতের অবস্থান ছিল নড়বড়ে। এরপর শঙ্কর (২৯) , মহেন্দ্র সিং ধোনি (২৮) ও সবশেষে কেদার যাদব (৫২) ভারতকে দেন লড়াইয়ের ভিত। ফর্মে থাকা ওপেনার রোহিত শর্মাও (৩০) এদিন ফিরে যান চটজলদি।

এত কিছুর পরও খেলার শেষ ওভারে আফগানরা হারের শঙ্কায় রেখেছিল ভারতকে। বিশেষ করে এই ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাকালে। কারণ জয়ের জন্য তখন দরকার ছিল কেবল ১২ রানের। কিন্তু সামি পরপর ফেরালেন নবি, আফতাব আলম ও মুজিব উর রহমানকে। তাতে ১১ রানে জিতলো ভারত।

এ নিয়ে দুজন ভারতীয় বোলার বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। আগের জন চেতন শর্মা। তিনি ১৯৮৭’র বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন।