খুলনা সিটি নির্বাচন

ভোটারদের ধারণা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতবেন খালেক

আপডেট : ১৭ মে ২০২৩, ০৬:০২

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ সৃষ্টি হয়নি। ভোটাররা বলছেন, এবার তালুকদার খালেকের বিরুদ্ধে যারা মেয়র পদে লড়ছেন, তারা সবাই দুর্বল প্রার্থী। ফলে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। তাদের মতে, আওয়ামী লীগের প্রার্থী কত ভোটের ব্যবধানে জয়লাভ করেন সেটাই দেখার অপেক্ষা।

খোঁজ নিয়ে জানা যায়, গত সিটি করপোরেশন নির্বাচনে খালেক ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে জয়লভা করেছিলেন। বিজয়ী খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট।

এবার কেসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের খালেক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সভাপতি মাওলানা আবদুল আউয়াল, জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান ও আবদুল্লাহ চৌধুরী। এদের মধ্যে ২০১৩ সালে মেয়র পদে নির্বাচন করে মাত্র ৩ হাজার ৭৬ ভোট পেয়েছিলেন জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মধু। মেয়র পদপ্রার্থীদের মধ্যে নগরীতে সৈয়দ কামরুল ইসলামের কোনো পরিচিতি নেই। এই প্রথম বার কোনো বড় নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ চৌধুরী স্বেচ্ছাসেবী সংগঠন আগুয়ান-৭১-এর আহ্বায়ক। জীবনে প্রথম বার নির্বাচনের মাঠে নেমেছেন এই তরুণ। তালুকদার খালেক চার বারের সংসদ সদস্য, একবার ত্রাণ প্রতিমন্ত্রী ও কেসিসির দুবার নির্বাচিত মেয়র ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন টানা ১৯ বছর।

নগরীর বয়রার এলাকার ভোটার জাহিদুল ইসলাম বাপ্পী বলেন, এবারের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেকের সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বিতা হবে না। তিনি হেসেখেলেই জিতে যাবেন। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার  বলেন, বিএনপির প্রার্থী না থাকায় এবার নির্বাচন একটুও জমবে না। তাছাড়া মানুষের আগ্রহও নেই নির্বাচন নিয়ে। ফলে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিশাল ভোটের ব্যবধানে জিতবেন এটাই স্বাভাবিক।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, বিএনপি প্রার্থী না দেওয়ায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার কারণে এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন নড়াচড়া নেই। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, এটি একতরফা নির্বাচন হবে।

 

ইত্তেফাক/ইআ