মাগুরার শ্রীপুরে মা তার ২ দিনের নবজাতক শিশু কন্যাকে রাস্তার ফেলে পালিয়ে গেছেন এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তখলপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুর রউফ জানান, বুধবার ভোর ৫টার দিকে ওই গ্রামের লিয়াকত মোল্লার স্ত্রী রুবিয়া পারভীন ভোরে হাঁটার সময় পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন রাস্তার পাশে একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে শিশুর কান্না শুনতে পান। শিশুটির কান্না শুনে রুবিয়া পারভীন স্থানীয় লোকজনের খবর দেন। পরে স্থানীয় লোকজন শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির মায়ের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকীব বলেন, শিশুটির বয়স ২ দিনের বেশি নয় তবে প্রচুর পরিমাণ কান্নাকাটি করার কারণে এবং বদ্ধ ব্যাগের মধ্যে থাকায় শিশুটি কিছুটা পানিশূন্য ও অক্সিজেন সংকট হয়েছিল। তবে শিশুটি হাসপাতালে আসার পর থেকে চিকিৎসকের নিবিড় পরিচর্যা করায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।
