দেবীর প্রচারণা নিয়ে ব্যস্ততা শেষে যখন সাফল্যগুণে বিজয়ের হাসি হাসলেন প্রযোজক ও অভিনেতা হিসেবে। ঠিক তার পরপরই আবারো কৌশিক-জয়া জুটির ছবি রিলিজ হতে যাচ্ছে। নির্মাতা নায়িকার ভেতরে এই দারুণ রসায়ন দর্শকরা দেখেছেন বিসর্জন ছবিতে। কৌশিক গাঙ্গুলি বলেছেন এটি তারই সিক্যুয়াল। জয়া আহসান এখন কলকাতায়। বিসর্জন ছবিটির সিকুয়্যাল ‘বিজয়া’র প্রচারণায় অংশ নিচ্ছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির পোস্টার ও প্রথম লুক। প্রথম লুকেই চমক ছিল। এবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। এখানেও চমক দেখিয়েছেন জয়া আহসান। এই ছবিতে পদ্মা চরিত্রে অভিনয় করেছেন জয়া।
ট্রেলারে দেখা গেছে, পদ্মা বলছে, ‘বাবায় কইত, এ জন্মের ঋণ নাকি মাইনষে এ জন্মেই শোধ কইরা যায়।’ ব্যাকগ্রাউন্ডে কালিকাপ্রসাদের গলায়, ‘বন্ধু তোর লাইগ্যা রে।’ ঠিক এখানেই ‘বিজয়া’র মূল সুরটা বেঁধে দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
এর আগে জয়া ফেসবুক পেজে লিখেছেন, ‘বিসর্জন আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি একটি চলচ্চিত্র। পদ্মা থেকে শুরু করে নাসির আলী, গণেশ মণ্ডল প্রতিটি চরিত্র এখনো উজ্জ্বল বাঙালির মননে। কিন্তু কিছু কিছু গল্প হঠাত্ শেষ হয়ে যায় না। তাই পদ্মা, নাসির আলী, গণেশ মণ্ডল আবার ফিরছে বড়পর্দায়। আমার বিশ্বাস, বিসর্জন ছবির মতো বিজয়া আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। আর কৌশিকদার ছবিতে কাজ করা যেকোনো শিল্পীর জীবনের বড় প্রাপ্তি বলে মনে করি।’
