কুরেশিকে মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

আপডেট : ১৮ মে ২০২৩, ১৩:৫৩

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করে এবং তার মুক্তির আদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আজ বৃহস্পতিবার( ১৮ মে)  মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (এমপিও) আইনের অধীনে তার গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন আইএইচসি। 

শাহ মাহমুদ কুরেশির গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনের শুনানি করার সময় আইএইচসি-র বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই নির্দেশ জারি করেন।

আদালত মুক্তির আদেশ জারি করার সময় পিটিআই নেতাকে সাবেক প্রতিমন্ত্রী আলি মুহাম্মদ খানের দেওয়া অনুরূপ একটি অঙ্গীকার জমা দেওয়ার নির্দেশ দেয়।

কোরেশির আইনজীবীরা আদালতকে জানিয়েছেন যে তারা পিটিআই নেতার সঙ্গে পরামর্শ করার পরে অঙ্গীকার জমা দেবেন।

পাকিস্তানের সাবেক  প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর পিটিআই কর্মীদের দ্বারা সহিংস বিক্ষোভের কারণে ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ থেকে গ্রেপ্তার হওয়া শীর্ষ পিটিআই নেতাদের মধ্যে কুরেশি ছিলেন। 

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের শত শত কর্মীকে।

ইত্তেফাক/এফএস