রাজকীয় আয়োজন!

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে পুরো বলিউড উত্সবমুখর। বিশ্ব তারকা বলে কথা! ভারতের রাজস্থানের নীল শহর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে আজ মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়েতে প্রিয়াঙ্কা পরবেন লাল শাড়ি আর নিক পরবেন সোনালি শেরওয়ানি। রাজকীয় বিয়ের আয়োজনে যুক্ত আছে মেহরনগড় দুর্গও। বিয়ে ঘিরে নানা চমক দিচ্ছেন দুই তারকাই।

 

যে তারকারা আজ থাকছেন

সালমান খান ও তার পরিবার ছাড়াও কঙ্গনা রানাওয়াত, ফারহান আখতার, সিদ্ধার্থ রায় কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে প্রিয়াঙ্কার বিয়েতে। শোনা যাচ্ছে, দীপিকা-রণবীরও উপস্থিত থাকতে পারেন! একটি করে রূপার কয়েন দেওয়া হবে বিয়েতে আমন্ত্রিত অতিথিদের। এরইমধ্যে সেই কয়েনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েনের গায়ে ইংরেজি হরফে লেখা আছে এনপি অর্থাত্ নিক-প্রিয়াঙ্কা।

বিশেষ ক্রিকেট ম্যাচ

গায়ে হলুদ উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল গতকাল। খেলেছেন এ তারকা যুগলও। উমেদ ভবন প্রাসাদের অভ্যন্তরে অনুষ্ঠিত ম্যাচে খেলে—কনেপক্ষ বনাম বরপক্ষ। দুই দলের নামকরণ করা হয় ‘পি’ ও ‘এন’। অর্থাত্ প্রিয়াঙ্কা বনাম নিক। অতিথিবহর ও পরিবারের লোকজন ছিল দর্শক।

অতিথি সংখ্যা কত!

গতকালের গায়ে হলুদ অনুষ্ঠানে কতজন অতিথি ছিল সেটা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে জনমনে। প্রিয়াঙ্কার হলুদ অনুষ্ঠান হয় উমেদ ভবন প্রাসাদে। এ উপলক্ষে একটি রাজকীয় পার্টির আয়োজন করা হয়। উমেদ ভবনের দরবার হলে ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন আয়োজনে। এরমধ্যে অন্যতম বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মা, প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা যোধপুর ও অর্পিতার কোলে ছিল আদুরে আহিল।

 

খাবারের তালিকায় যা থাকছে

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অন্যতম চমক হিসেবে থাকছে খাদ্য তালিকায় থাকা কিছু রাজকীয় পদ। মোগল, ভারতীয় ও ব্রিটিশ কায়দায় রান্না হচ্ছে খাবারগুলো। খাবারের সঙ্গে থাকছে রেড ওয়াইনসহ নানা ধরনের আকর্ষণীয় পানীয়ও। ভারতীয় রান্নার স্বাদে অতিথিদের মন জয় করতে বিদেশ থেকে একাধিক শেফকে আনা হয়েছে। খাবারের তালিকায় আগে থাকছে রাজস্থানি কিছু পদ। কের সাঙ্গরি, বাজরার রুটি, মকাইয়ের রুটি, রাজস্থানি কারিপকড়া ও ডাল বাটি চুরমা। শুধু ভারতীয় খাবারের পদই নয়, এই আয়োজনে থাকছে ইতালিয়ান খাবারও। এখানেই শেষ নয়, আয়োজনে থাকছে মেক্সিকান, চাইনিজ ধাঁচের বেশকিছু খাবারও।