নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে শুক্রবার (১৯ মে) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়ায় সম্ভাব্য সুনামির হুঁশিয়ারি জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়।
পিটিডব্লিউসির বুলেটিন বলছে, প্রাথমিক প্যারামিটারের ভিত্তিতে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৬২০ মাইলের মধ্যে উপকূলে বিপজ্জনক সুনামি-ঢেউ আসতে পারে। হুমকির মুখে থাকা উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জোয়ারের ৩ মিটার (১০ ফুট) উপরে ঢেউ উঠতে পারে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভানুয়াতুর আবহাওয়া ও ভূ-বিপজ্জনক বিভাগ জানিয়েছে, এ ধরনের ভূমিকম্পে ১-৩ মিটার (৩-১০ ফুট) উচ্চতার 'ধ্বংসাত্মক সুনামি ঢেউ' সৃষ্টি হতে পারে। এর ফলে ভানুয়াতু উপকূলে প্রভাব পড়তে পারে।
#LordHoweIsland under #Tsunami Warning to the marine environment after magnitude 7.7 #earthquake near Southeast of Loyalty Islands. No threat to Mainland Australia. 22cm Tsunami Wave observed in New Caledonia. Latest info here: https://t.co/i5DML5E1hR. pic.twitter.com/jCXIHoGAi6
— Bureau of Meteorology, Australia (@BOM_au) May 19, 2023
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বুলেটিনে বলা হয়েছে, উপকূলীয় এলাকা থেকে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সরিয়ে নেওয়াসহ যথাযথ পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে তাসমান সাগরে সিডনি থেকে ৭৮০ কিলোমিটার (৪২১ নটিক্যাল মাইল) উত্তর-পূর্বে অবস্থিত লর্ড হাও দ্বীপটি হুমকির মধ্যে রয়েছে।
নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা সুনামির সম্ভাব্যতা যাচাই করছে।

