ইত্যাদি পুনঃপ্রচার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০১

বিনোদন রিপোর্ট

 

প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্তঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণ করা হয় এবারের ইত্যাদি। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সাথে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে লক্ষাধিক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি। ইত্যাদির ধারণ উপলক্ষে হাওড় কন্যা সুনামগঞ্জে ছিল উত্সবের আমেজ।

এবারের ইত্যাদিতে সুনামগঞ্জের ৪ জন মরমী সাধকের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন সিলেটের সন্তান শিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহ-শিল্পীবৃন্দ। এছাড়াও সুনামগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথা, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটেরই স্থানীয় নৃত্যশিল্পীরা। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও আনিকা।

নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।