বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দল গঠনের মূল দায়িত্ব তার কাঁধেই। এই দায়িত্ব পালন করতে গিয়ে মাঝেমধ্যেই সমালোচনার শিকার হন তিনি। বর্তমানে যেমন ওয়ানডে দলে মাহমুদউল্লাহ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধুয়ে দিচ্ছেন নান্নুকে। যদিও সাবেক এই অধিনায়ক এসব গায়ে মাখছেন না। বরং ‘চারদিকে নির্বাচকে ভরা’ মন্তব্য করে পাল্টা জবাব দিয়েছেন তিনি।
আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নান্নু। সেখানে সমালোচনার প্রসঙ্গ উঠতেই প্রধান নির্বাচক বলেছেন, ‘সমালোচনা তো হবেই। আমি যখন খেলতাম, খারাপ খেললে সমালোচনা হতো না? এটা তো স্বাভাবিক বিষয়। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।’
সঙ্গে যোগ করেছেন, ‘আপনারা জানেন আমি ফেসবুক ফলো করি না, সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না। মানুষের থেকে শুনি এটা বলা হচ্ছে, ওটা বলা হচ্ছে। আমাদের এখানে তো চারদিকে নির্বাচকে ভরা। সবাই ক্রিকেট নিয়ে আলোচনা করে। তাই এসব নিয়ে চিন্তাভাবনা করছি না।’
বাংলাদেশের পরবর্তী মিশন আফগানিস্তান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। আপাতত ওই সিরিজের দল নিয়েই কাজ করছেন নান্নু, ‘আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই আমরা খেলবো। তাই দল গোছানোর কাজ করছি। বিশ্বকাপ নিয়ে এখন কিছুই বলতে পারবো না।’
দিনকয়েক আগে ইংল্যান্ড থেকে ফিরেছে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল তামিমরা। প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসে গেলেও পরের দুই ম্যাচে বাংলাদেশ পেয়েছে রোমাঞ্চকর জয়।
