যশোরের চৌগাছায় ইউএনও পরিচয়ে প্রতারণার চেষ্টা

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৯:৩৮

যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের পরিচয় দিয়ে মোবাইল ফোনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। চক্রটি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। 

জানা গেছে, ১১ জুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জাহিদুল ইসলাম চৌগাছায় যোগদান করেন। ২২ জুন শনিবার ০১৭৮৫৪২৮৬২২ নম্বরের একটি নম্বর হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ফোন আসে। বলা হয়, আমি ইউএনও জাহিদুল ইসলাম বলছি, আপনার প্রতিষ্ঠানে একটি ল্যাপটপ দেওয়া হবে। আপনি ০১৮২২৭৩৭৯৩৩ নম্বরে দ্রুত সাত হাজার টাকা পাঠিয়ে দেন। 

আরো পড়ুন: একশত টাকা নিয়ে ঝগড়া, গুলিতে নারী শিশুসহ আহত ৫

বিষয়টি প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাদের কাউকে এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহবান জানান। ঘটনা জানার পরে ইউএনওর সিএ মহিউদ্দিন নিজে নম্বরটিতে ফোন দিয়ে একটি ল্যাপটপ চাইলে তাকেও ০১৮২২৭৩৭৯৩৩ নম্বরটিতে দ্রুত সাত হাজার টাকা পাঠাতে বলা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, একটি চক্র আমার নাম বলে তাদের মোবাইল নম্বর থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের কাছে টাকা দাবি করেছে। আমি প্রতারকের ফাঁদে না পড়তে সকলকে সতর্ক করেছি। ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি চৌগাছা থানার ওসিকে জানিয়েছি। তিনি এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচ