পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করতে এনএসডিএস সাপোর্ট প্রকল্প শুরু

আপডেট : ২৩ জুন ২০১৯, ২১:০২

পরিসংখ্যান ব্যুরোকে বিশুদ্ধ করে সেরা তথ্য দিতে হবে :পরিকল্পনামন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করতে এনএসডিএস (ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অব স্ট্যাটিস্টিকস) সাপোর্ট প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পটির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ডান চ্যান ও এশিয়া প্যাসিফিক পরিসংখ্যান ইনিস্টিটিউট (ইউএনএসআইএপি) জাপান এর পরিচালক আশিষ কুমার। মূল উপস্থাপনা পেশ করেন প্রকল্পটির পরিচালক মো. দিলদার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে সঠিক তথ্য সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সত্যবাদী হয়ে আসল কাজটা করতে হবে। এখন সময় এসেছে পরিসংখ্যান ব্যুরোকে বিশুদ্ধ করে সেরা তথ্য দেওয়ার। কেউ যেন বলতে না পারে কোনো তথ্য বাড়িয়ে বলা হচ্ছে। প্রধানমন্ত্রীও চান না কোনো তথ্য বাড়িয়ে বলা হোক। পরিসংখ্যান নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা সন্দেহ করবে তারা তাদের ধারণা নিয়ে থাকুক। দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে যে— দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে। এটি আমাদের জন্য যথেষ্ট।

এনএসডিএস সাপোর্ট প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করা। নীতিনির্ধারক, পরিকল্পনাবিদসহ অন্যান্য তথ্য ব্যবহারকারীরা যেন যথাসময়ে মানসম্পন্ন সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পায় তা নিশ্চিত করা। সভাপতির বক্তব্যে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে এসডিজির সূচকগুলোর যথাযথ পরিবীক্ষণ, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহজেই তথ্য-উপাত্ত দিতে সক্ষম হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।