এরশাদ ভোটের মাঠেই আছেন: রুহুল আমিন হাওলাদার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, জাপা চেয়ারম্যান অসুস্থতা কাটিয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কে নিজ বাসভবনেই অবস্থান করছেন। 

শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন রুহুল আমিন হাওলাদার। 

তিনি বলেন, গত দু’দিন আগে গণমাধ্যমে বলেছিলাম চেয়ারম্যান সুস্থ হয়ে ফিরে আসবেন। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। জাতীয় পার্টি ভোটের মাঠেই আছে। এইচ এম এরশাদ নিজেই ভোটের সার্বিক বিষয় পরিচালনা করছেন। দলের নেতাকর্মী-সমর্থকরা তার পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন এবং জাতীয় পার্টির পক্ষে সকলে ভোট করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। সারাদেশে ভোট পরিচালনার জন্য অফিস নেয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি চলছে। তিনি সময় সুযোগমত মানুষের মাঝে আসবেন।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, কিছু গণমাধ্যমে আসা খবরের কোন সত্যতা নেই। বঞ্চিতদের বেদনা আছে, ব্যথা আছে, মনোনয়ন বঞ্চিতরা হতাশা থেকে কিছু মানুষের প্ররোচনায়-ষড়যন্ত্রে এসব বিভ্রান্তিকর কথা বলছেন। বিষয়টি খতিয়ে দেখলে কোন সত্যতা খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মূলত জাপার জনপ্রিয়তা থেকে জনমনে ধ্রুমজাল তৈরির জন্য একটি মহল এসব করছে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব। 

রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের ৪৬ বছরের রাজনীতি নষ্ট করতেই এমন ষড়যন্ত্র। তবে, এরপরও জাপা সুখে-দুখে মানুষের মাঝেই থাকবে, জনসেবা করবে। হতাশায় যারা অভিযোগ করছেন তারাও এক সময় অনুতপ্ত হবেন। ঢাকা-৬ আসনে ঘোষিত ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে জাপার প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে যান দলটির মহাসচিব। ওই আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। 

কাজী ফিরোজ রশীদ বলেন ‘ইভিএম নিয়ে কোন আশঙ্কা নেই। ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতি সর্ম্পকে জানতেই কমিশনে গিয়েছিলাম। কমিশন আমাকে আশ্বস্ত করেছেন ইভিএমে কোন জটিলতা নেই। ভোটের আগে পোলিং এজেন্ট ও ভোটারদেরও এ বিষয়ে প্রশিক্ষণে দেয়া হবে।’ 

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমরা কমিশনের সাফল্য কামনা করেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইসি যেন আরও সফল হয় সে শুভেচ্ছা জানাতে এসেছি। দেশ ও সরকারকে এগিয়ে নিয়ে যেতে, উন্নয়নের পক্ষে এগিয়ে যেতে সফলতা কামনা করেছি। 

ইত্তেফাক/এমআই