২৪ ঘণ্টার আলটিমেটাম
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় শিক্ষককে মারধরের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ গাজী।
আহত শিক্ষক ওমর ফারুক জানান, শনিবার সকালে বখাটেরা এক ছাত্রীকে স্কুলের সামনে উত্ত্যক্ত করে। এ নিয়ে প্রতিবাদ করলে চার বখাটে আমাকে মারধরে আহত করে।
শরণখোলা থানার ওসি (তদন্ত) মো. মফিজুর রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতে আহত শিক্ষক বাদী হয়ে ঐ চারজনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
