নতুন করে শুরু বাঘা আড়ানী সড়কের কাজ

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০০

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

এলাকাবাসীর বাধা ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে সড়ক ও জনপথ বিভাগের বাঘা-আড়ানী সড়কের নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছে। শনিবার সকালে বাঘা পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রায় এক হাজার মিটার সড়কে নিম্নমানের বালু মিশ্রিত পাথর তুলে এ কাজ শুরু করা হয়।

সওজ সূত্রে জানা গেছে, উপজেলার ‘বাঘা-আড়ানী’ সড়কের ১১ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা। মাঠ পর্যায়ে ঠিকাদারের অংশীদার রাজশাহীর হারুন-অর-রশিদ কাজটি করছেন। 

এদিকে গত বুধবার রাস্তার নির্মাণ কাজ চলাকালে সওজ এর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ সময় স্থানীয়রা কাজে অনিয়মের অভিযোগ করে কাজে বাধা দেন। তাদের অভিযোগ ছিল, কাজে নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে, দরপত্রের বর্ণিত বালু ও পাথরের অনুপাত মানা হচ্ছে না, পর্যাপ্ত পানি ব্যবহার করা হচ্ছে না এবং কার্পেটিংয়ের আগে বালু পরিষ্কার করা হচ্ছে না। ঐ সড়ক দিয়ে বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন যাচ্ছিলেন। স্থানীয় লোকজন তাঁর কাছেও অভিযোগ করেন। তিনি সেখান থেকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীকে ফোন করে অভিযোগের বিষয়টি অবহিত করেন। নির্বাহী প্রকৌশলী ঐ অবস্থায় কাজ বন্ধ রাখার নির্দেশ এবং ঐ সড়ক পরিদর্শনের আশ্বাস দেন। বৃহস্পতিবার রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সরেজমিন কাজ পরিদর্শনে আসেন। তিনি এসেই বলেন, রাস্তায় যে বালু ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের।

পরে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে শুধু বালুই নিম্নমানের নয়, বালু ও পাথরের যে অনুপাত সেটিও সঠিক নয়। এ নিয়ে শুক্রবার দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। এতে টনকনড়ে প্রশাসনের। শনিবার অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় পুরাতন কাজ তুলে নতুন করে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্মাণ কাজ তদারক উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন ও ঠিকাদারের প্রতিনিধি সেকেন্দার আলী।