রাষ্ট্রদূতরা শর্ত সাপেক্ষে পুলিশের এসকর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০২৩, ০২:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের নেতৃত্বে বিদেশি রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা শর্তসাপেক্ষে বহাল থাকবে। দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এসকর্ট সুবিধা দেওয়া হবে।  গতকাল শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  কোনো দূতাবাস যদি মনে করে, তাদের এসকর্ট সুবিধা দরকার, তাহলে তারা  সে সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে। ২০১৩ সালে আগুন-সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে বাইরে চলাফেরার সময় কয়েক জন রাষ্ট্রদূততে পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা  দেওয়া হতো। কিন্তু, এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন। শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত আছেন। আমরা সেভাবে নির্দেশ দিয়েছি।

এর আগে গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়। ঐ দিন সকাল ৬টার দিকে পুলিশের তরফ থেকে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না।

পুলিশ কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রদূতসহ দেশের মিশন প্রধানদের চলাচলের সময় সামনে পুলিশের একটি গাড়ি থাকত এবং পেছনে পুলিশের একটি গাড়ি থাকত। হলি আর্টিজেনে হামলার পর পেছনে আরেকটি পুলিশ এসকর্ট বাড়তি হিসেবে দেওয়া হতো। ছয়টি দেশের মিশনপ্রধানরা এ সুবিধা পেয়ে আসছিলেন।

এ নিয়ে আলোচনা শুরুর পর শর্ত অনুযায়ী আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। দূতাবাস বা মিশনগুলো আনসার সদস্য নিতে চাইলে তাদের অর্থের বিনিময়ে তা নিতে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

ইত্তেফাক/ইআ