সিলেট অফিস
জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণ। শুধু শহর অঞ্চলে পরিবেশ দূষণের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় ৫৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে। তাছাড়া শহরগুলোতে কমপক্ষে ১০ লাখ মানুষ সিসাদূষণের ঝুঁকিতে বসবাস করছে যাদের অধিকাংশই শিশু। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধির হার বাড়াতে হলে বায়ুদূষণ রোধের বিকল্প নেই।
রবিবার সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা-পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর ড. মতিয়ার এসব কথা বলেন।
কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী প্রফেসর মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে এবং বিভাগের এমএস শিক্ষার্থী সুনন্দা দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শারফ উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-এলাহী প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বায়ুদূষণের কারণে শিশুদের মেধা ও বুদ্ধিমত্তা হ্রাসের পাশাপাশি গর্ভাবস্থায় শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
