কালিয়ায় সরকারি জমি ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৩

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের কালিয়ার নড়াগাতী খালপাড়ের সরকারি জমিতে গড়ে ওঠা বাড়ি ও দোকানসহ ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উপজেলার নড়াগাতী খালের পাড়ে পাউবোর জমিতে গড়ে ওঠা বাড়ি ও নড়াগাতী বাজারের দোকানসহ বাঐসোনা ব্রিজঘাট বাজার ও বড়ঘাট বাজারের ওইসব স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত চলা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আশিক খান। এ সময় নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এ কে এম তরিকুল ইসলাম ও সার্ভেয়ার মো. শাহীন আলম, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার বাবুল আক্তার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার মো. আশিক খান জানান, ঐ সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বহুবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তা কার্যকর না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।