দিনাজপুরে হত্যা মামলার রায়

দুই সহোদরের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৪

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের বিরলে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল বারী নামে একজনকে হত্যা মামলায় সহোদর জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়াও ওই মামলায় অভিযুক্ত আরো পাঁচজন নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। এ ছাড়াও প্রত্যেক আসামিকে সাজার পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলার ১৯ জন আসামিকে মারামারি করে রক্তাক্ত জখম করার অপরাধে দোষী সাব্যস্তক্রমে প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহোদররা হলেন, বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলাম। মামলার ১৭ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের দুই ভাই রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও মোহবুর রহমান, একই এলাকার চান মোহাম্মদের ছেলে মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলু, মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলুর দুই ছেলে জাফরুল হক ও রাসেল হক, মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলুর স্ত্রী নুর নেহার, আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বানী, আব্দুর রহমানের স্ত্রী সুরাতন নেছা, মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, মৃত কেরাম উদ্দীন সরকারের ছেলে আব্দুস সামাদ, মৃত মেনু মোহাম্মদের ছেলে নাজমুল হক, শরিফুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, নাজমুল হকের স্ত্রী মল্লিকা বেগম, হযরত আলীর ছেলে রোস্তম আলী, রোস্তম আলীর স্ত্রী তাজুন নেহার, ঝানঝু মোহাম্মদের ছেলে আনিছুর রহমান ও আনিছুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন। ১৯ আসামির মধ্যে আব্দুর রহমান ও আকলিমা খাতুন পলাতক রয়েছেন।

২০০৪ সালের ২৯ অক্টোবর সকাল ১০টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর রতনৌর গ্রামের আব্দুল বারী মারা যান। এই ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ভাই অ্যাডভোকেট মো. আব্দুল বাকী।