আয়াল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে খেলার পর লম্বা ছুটি কাটালো বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষ আজ ছুটি শেষে মাঠে ফিরছেন টাইগাররা। আগামী ১৪ জুন ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। আর সাদা পোশাকের এই ম্যাচটি সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। তবে এই ক্যাম্পকে মূল অনুশীলন বলা যায় না কারণ এ ক্যাম্পের শুরুর দিন দলের সঙ্গে থাকছেন না টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ আরও বেশ কয়েক জন ক্রিকেটার।
জানা গেছে ছুটিতে রয়েছেন টাইগার হেড কোচ। তিনি দলের সঙ্গে যোগ দিতে আগামী ৩ জুন ঢাকা আসবেন। তবে আজ ক্যাম্পের প্রথম দিন তিনি না থাকায় টাইগারদের দায়িত্ব সামাল দেবেন দলের সহকারী কোচ নিক পোথাস। এছাড়া ক্যাম্পের প্রথম দিন কোচিং প্যানেলের আরো কয়েকজন থাকছেন। এর মধ্যে পাওয়া যাবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেনার নিক লিকেও।
এদিকে অনানুষ্ঠানিক এই ক্যাম্পে লাল বলের ক্রিকেটে খণ্ডিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। কারণ, বাকিরা ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আনঅফিসিয়ালি টেস্ট ম্যাচ খেলছেন। এছাড়া মিরপুরে অনুষ্ঠিত ক্যাম্প ও চলমান সিলেটে ‘এ’ দলের ম্যাচ শেষে আফগানিস্তান সিরিজের জন্য টাইগারদের মূল আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। আর সে সময়ের মধ্যে ঢাকায় চলে আসবেন হেড কোচ ও দলের বাকি খেলোয়াড়রা। আসন্ন আফগান টেস্টের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে চলমান টাইগার ‘এ’ দলের তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের পরই এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এছাড়া চোটের কারণে বাংলাদেশ এ টেস্ট ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার বদলে নেতৃত্ব সামলাতে দেখা যেতে পারে সহ-অধিনায়ক লিটন কুমার দাসকে।
