লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, দুইটি এলইডি টিভি, পাঁচটি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহূত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে রাসেল, আবুল বাসারের ছেলে রিয়াজ, শাহজাহানের ছেলে কামাল ও খালেকের ছেলে জুয়েল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে চোর দলের আরো দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য চোরদলের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
