চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার নগরীর বন্দরটিলায় মনিশ্রী জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। সঞ্জয় ধর নামের এই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি কক্সবাজার জেলার রামু এলাকায়।
ইপিজেড থানার পুলিশ কর্মকর্তা নাছির জানান, সঞ্জয় ধর দোকানের ভেতরে থাকতেন। স্থানীয় এক নারীর কাছ থেকে বাসায় রান্না করা ভাত প্রতিদিন কিনে খেতেন। গত শনিবার দোকান বন্ধ ছিল। গতকাল রবিবার দুপুরে ওই নারী সঞ্জয়কে দোকানে ভাত দিতে গেলে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার পেটের দুই পাশেও ছুরিকাঘাত করা হয়েছে। দোকানে সিন্দুকের পাশে চাবি পড়ে রয়েছে। চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণ ও টাকা পাওয়া গেছে। হত্যাকারীরা সেগুলো নিয়ে যায়নি। দোকানের ভেতরে সিসি ক্যামরার সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে গেছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার রাতে দোকানে ৪/৫ জন লোক তার সঙ্গে বসে আড্ডা দিয়েছিল। মনিশ্রী জুয়েলার্সের মালিক স্বর্ণ বেচাকেনা ছাড়াও সুদের ব্যবসা করতেন। টাকা লেনদেন সংক্রান্ত ঘটনায় তাকে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
