মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৮

 মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহেদ মিয়া (৪০) ও মোস্তফা কামালকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলমের নেতৃত্বে ঢাকার সাভার এলাকা থেকে রবিবার ভোর রাতে গ্রেফতার করা হয় শাহেদ মিয়াকে এবং অপর আসামি মোস্তফা কামালকে গত বৃহস্পতিবার মাধবপুর থানার হরষপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে শাহেদ মিয়া এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, তারা নিজেদের গ্রামের একটি ঘরে ঢুকে গত ১৮ জুন রাতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর পিতা মাধবপুর থানায় একটি মামলা দায়ের করলে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

যুবকের লাশ উদ্ধার

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের এক পুকুর থেকে রবিবার সকালে হাবিবুর রহমান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন হরিণখোলা গ্রামের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে কাশিমনগর ফাঁড়ির এসআই আব্দুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সে হরিণখোলা গ্রামের মুজিবুর রহমানের পুত্র।