সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৮

বাগেরহাট পৌরসভা এলাকার আবর্জনা অপসারণ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট পৌরসভা এলাকার আবর্জনা অপসারণ ও ব্যবস্থাপনার ডাম্পিং প্লেস এর উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট পৌরসভা চত্বরে রবিবার দুপুরে এর ফলক উন্মোচন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

ভোলায় অলিম্পিক ডে রান পালিত

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় রবিবার অলিম্পিক ডে রান পালিত হয়। দিবসটি উপলক্ষে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক আলমের নেতৃত্বে শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনী কৃষকের মাঝে সারবীজ বিতরণ

কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়া উপজেলায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম (এনএটিপি-২) কর্মসূচির আওতায় রবিবার ৩০ জন প্রদর্শনী কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ ও বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা।

মাদারীপুরে পাবলিক সার্ভিস দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে রবিবার জেলা সদরে র্যালি ও আলোচনা সভা হয়। স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহিদুল হক পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর হোসেন স্বজল, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

নাটোরে সিডিএ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

নাটোর প্রতিনিধি নাটোরে চিনিকলে দুই দিনব্যাপী সিডিএ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এএসএম জিয়াউল ফারুক। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রুস্তম আলীর সভাপতিত্বে সিডিএ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে উপযুক্ত জমি নির্বাচন, আগাম চাষ, বীজ নির্বাচন, সঠিক সময়ে বীজ রোপণ, আখ ফলন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

‘নোঙর’ এর কেন্দ্রীয় সদস্য হলেন রাবি শিক্ষক ড. আমিরুল

রাবি সংবাদদাতা নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। নোঙরের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। নোঙর দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষার লক্ষে নদী যোদ্ধাদের সংগঠিত করার উদ্দেশ্যে দেশব্যাপী ইতিমধ্যে জেলা কমিটি গঠন করার কাজ শুরু করেছে।

 

 

 

০