স্পোর্টস রিপোর্টার
স্বাধীনতা কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে। ম্যাচ জিতলেও সাইফ অনেক কষ্টে জিতেছে। দিন শেষে জিতেছে এটা তাদের কাছে বড়। তবে খেলা শেষে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সাইফের কর্মকর্তা কিংবা নতুন আসা ইংলিশ কোচের মধ্যে ম্যাচ জয়ের আনন্দ ছিল না। ৮৬ মিনিটে দলের অধিনায়ক ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার গোলে জয় পেয়েছে ‘এ’ গ্রুপের সাইফ স্পোর্টিং ক্লাব। গোল পেতে ৮৬ মিনিট অপেক্ষায় সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়রা যেমনি ঘাম ঝরিয়েছেন, তেমনি দলের কর্মকর্তাদেরও টেনশন কম ছিল না।
ফেডারেশন কাপ ফুটবলেও একই গ্রুপে ছিল এই সাইফ স্পোর্টিং এবং অফিস দল বিজেএমসি। সেই ম্যাচে খুব সহজ জয় পেয়েছিল সাইফ। বড় দল গড়েও এই সাইফ ফেডকাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে বিদায় নিতে হয়।
স্বাধীনতা কাপে আবার নতুন করে শুরু করতে গিয়ে দলের কোচ হয়ে এসেছেন জনাথন ম্যাককিন। ৩৩ বছর বয়সী এই কোচ ফেডারেশন কাপ ফুটবলে অন্যান্য ক্লাবের খেলাও দেখেছেন। দেখে পরিকল্পনা সাজিয়েছেন তিনি। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি সাইফ স্পোর্টিং। তারপরও শান্তি এতটুকু এক জয়ে সাইফ স্পোর্টিং কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে থাকল।
