স্পোর্টস ডেস্ক
ভেনেজুয়েলার সঙ্গে আগের ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর কম গঞ্জনা সইতে হয়নি স্বাগতিক ব্রাজিলকে। দর্শকদের দুয়োর পরিপ্রেক্ষিতে কোচ তিতে জানিয়েছিলেন বাহবা পেতে হলে অন্তত আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে দলকে। শনিবার রাতে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের চূড়ান্ত নিদর্শনই দেখালো সেলেসাওরা। ৫-০ ব্যবধানে পাওয়া এই জয়কে কোচ তিতেও দেখছেন ব্রাজিলের সেরা পারফরমেন্স হিসেবেই।
সাও পাওলোর ম্যাচটিতে ক্যাসেমিরো, রবার্তো ফিরমিনো ও এভারটন সোয়ারেসের গোলে ৩-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ব্রাজিল। বিরতির পর অধিনায়ক দানি আলভেজ ও উইলিয়ান গোলের খাতায় নাম লেখালে বড় জয় ও প্রতিযোগিতাটির শেষ আট নিশ্চিত হয় শিরোপাপ্রত্যাশীদের।
তবে ছোট ছোট গতিশীল পাসে ব্রাজিলের আক্রমণে ওঠা গোলসংখ্যার চেয়েও বেশি মুগ্ধতা ছড়াচ্ছিল। শিষ্যদের এমন পারফরমেন্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিল কোচ। তিতের ভাষায়, ‘এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ ছিল। মাঠ যদি ভালো হয় তবে তা ভালো খেলার জন্য বেশ সহায়ক হয়।’
গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচে পাসের পসরা সাজিয়ে বসলেও গোলমুখে ত্রাস ছড়াতে পারছিল না ব্রাজিল। তিতে জানালেন কার্যকরিতা বাড়ানোরই সুফল এই জয়, ‘আমরা ম্যাচপ্রতি গড়ে ৬০০ পাস খেলি, কিন্তু আমাদের গোলসংখ্যা তেমন বেশি ছিল না। আজ আমরা আমাদের কার্যকরিতায় উন্নতি করতে পেরেছিলাম।’
দলকে এমন পারফরমেন্স ধরে রাখার তাগিদ দিয়ে তিতে বলেন, ‘এটা এমন একটা নৈপুণ্য যেটা আমাদের চালিয়ে যাওয়া প্রয়োজন। বিরতিতে আমি খেলোয়াড়দের বলেছিলাম যে আমাদের সব পরিস্থিতির জন্যেই তৈরি থাকতে হবে। সামনেও এই গতিটা ধরে রাখতে হবে কারণ এটাই আমাদের বৈশিষ্ট্য এবং অবশ্যই এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে।’
