স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন (ইংল্যান্ড) থেকে
ভালো আছেন সাইফউদ্দিন। আজ আফগানিস্তান ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। গতকাল এমন তথ্যই জানিয়েছেন দলের প্রধান কোচ স্টিভ রোডস। কোচের এই বক্তব্যের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে এই ফাস্ট বোলারের ইনজুরি নিয়ে যেসকল জল্পনা কল্পনা চলছিল তার অবসান হলো।
সাইফউদ্দিনকে নিয়ে মিডিয়া রিপোর্টকে পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে কোচ বলেন, ‘এ ধরনের মনগড়া রিপোর্ট একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আপনারা (সাংবাদিকরা) দয়া করে এমন রিপোর্ট করবেন না। কাউকে নিয়ে রিপোর্ট করা ভালো। তবে আগে নিশ্চিত হয়ে নিন যে, আপনার কাছে সঠিক তথ্য রয়েছে কিনা।’ প্রসঙ্গত, ইনজুরির জন্য অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি পেসার সাইফউদ্দিন ও অফস্পিনার মোসাদ্দেক। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল ও সাব্বির। সাইফউদ্দিন ও মোসাদ্দেকের চোট পাওয়া নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের পর থেকে কানাঘুষা চলছে।
এমনও কথাও ছড়িয়ে পড়েছিল যে, সাইফউদ্দিন ও মোসাদ্দেক দুজনেই স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ম্যাচ খেলেননি। সাইফউদ্দিনকে নিয়ে দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ আছে বলেও শোনা যায়। বিসিবি থেকে সাইফউদ্দিনের পিঠের ব্যথা ও মোসাদ্দেকের কাঁধের ইনজুরির কথা জানানো হয়। তবে মোসাদ্দেক পুরোপুরি ফিট আছেন বলে আগের দিন সাংবাদিকদের জানিয়েছিলেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাইফউদ্দিনকে নিয়ে স্বেচ্ছা অসুস্থতার খবর প্রকাশের পরই বিপরীত প্রতিক্রিয়া আসতে শুরু করে দলের নানা সূত্র থেকে। একটি সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ভয়ে সাইফউদ্দিন না খেলার কারণ নেই। কারণ, সে ডেভিড মিলারের কাছে অতোগুলো ছক্কা হজম করেও খেলা চালিয়ে গেছে।
