নির্বাচক পদ হারালেন মঞ্জু, নারী ক্রিকেট নিয়ে বড় পরিকল্পনা

আপডেট : ৩১ মে ২০২৩, ১১:২৯

গেল মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথম বারের মতো শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ নারী দল। সেই সফরের স্কোয়াড থেকে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সে সময় তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। এর বাইরেও তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছিল। তাই তাকে সেই সফরে জ্যৌতিদের ম্যানেজার হিসেবে দেখা যায়নি। এবার তাকে ছাঁটাই করা হলো নির্বাচক পদ থেকেই।

গতকাল মঙ্গলবার (৩০ মে) নারী ক্রিকেট দল থেকে মঞ্জুরুল ইসলামকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘তাকে (মঞ্জুকে) নারী বিভাগ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেম ডেভেলপমেন্ট অথবা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবে সে।’

এদিকে মঞ্জুকে সরানোর পর পরই তার পদে নতুন করে নিয়োগ দেওয়া হয় সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরীকে। বর্তমানে তারা দুই জনই ছেলেদের বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে আছেন। এছাড়া প্রয়োজনে এই প্যানেলে আরো একজন যুক্ত করার চিন্তাও আছে বিসিবির। তবে শুধু নির্বাচক নয়, কাজের ক্ষেত্র বেড়ে যাওয়ায় জনবল বাড়িয়ে নারী ক্রিকেট বিভাগের ব্যাপ্তি আরো বিস্তৃত করার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। স্থানীয় কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরী লম্বা সময় মেয়েদের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন। জানা গেছে, তাদেরকে সহযোগিতার জন্য গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে আরো চার জনকে নেওয়া হবে।

ইত্তেফাক/এসএস