ধোনি-যাদবে হতাশ শচীন

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২১

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ভারতের ধীরগতির ব্যাটিং হতাশ করেছে শচীন টেন্ডুলকারকে। ভারতের কিংবদন্তী এই সাবেক ব্যাটসম্যানের মতে দলের মিডল অর্ডার, বিশেষত মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ব্যাটিংয়ে এদিন ইতিবাচক মানসিকতার অভাব ছিল।

গতকাল ‘ইন্ডিয়া টুডে’কে টেন্ডুলকার বলেন, ‘আমি কিছুটা হতাশ ছিলাম, এটা আরো ভালো হতে পারতো। আমি কেদার ও ধোনির জুটি নিয়ে মোটেও খুশি নই, এটা খুবই ধীরগতির ছিলো। স্পিনের বিপক্ষে আমরা ৩৪ ওভার খেলেছি এবং ১১৯ রান করেছি। এটা এমন একটা জায়গা ছিলো যেখানে আমরা মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। এতে কোনো প্রকারের ইতিবাচক মানসিকতা ছিল না।’

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে পঞ্চম উইকেট জুটিতে ধোনি আর যাদব মিলে মাঝের ওভারগুলোয় খেলেছেন ১৪ ওভার যেখানে রান উঠেছে মোটে ৫৭। ভারতের বড় রান তোলার পথে এটাই বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বলে অভিমত টেন্ডুলকারের, ‘সেখানে অনেকগুলো ডটবল ছিল। ৩১তম ওভারে বিরাট আউট হবার পর ৪৫ ওভার পর্যন্ত আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। মিডল অর্ডার এখন পর্যন্ত কোনো সুযোগ পায়নি এবং এটা তাদেরকে চাপে ফেলে দিয়েছে। কিন্তু মাঝের ওভারগুলোয় দলের মানসিকতাটা আরেকটু ইতিবাচক হতে পারতো।’

প্রতিযোগিতায় প্রথমবারের মতো এদিন ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হয়েছিল তবে অধিনায়ক কোহলী ৬৭ রান করেন। টেন্ডুলকার মনে করেন ধোনি-যাদব জুটিতে সিনিয়র খেলোয়াড় ধোনির কিছুটা মারমুখী ভূমিকা পালন করা উচিত ছিল। কেন না তার অপর প্রান্তের ব্যাটসম্যান কেদার এর আগে পুরো টুর্নামেন্টে খেলেছিলেন মাত্র আট বল।

টেন্ডুলকারের ভাষ্য, ‘কেদার চাপে ছিল, এদিন পর্যন্ত সে তেমন সুযোগ পায়নি। অপর প্রান্তে আক্রমণাত্মক ভূমিকা পালন করবে এমন কাউকেই জুটির শুরুর দিকে দরকার ছিল তার, কিন্তু সেটা আর হয়নি।’

তিনি আরো বলেন, ‘কেদার এবং ধোনি দুইজনেই প্রয়োজনীয় স্ট্রাইক রেটে খেলতে ব্যর্থ হয়েছে। সেই ওভারগুলো আরো ভালো হতে পারতো। তা না হওয়ায় কেদার চাপে ছিল।’