আজ সোমবার বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও প্রশাসন। এ আসনের ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইভিএম মেশিনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে বগুড়া-৬ আসন গঠিত। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা (নৌকা), বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান (ডাব) ও মিনহাজ মণ্ডল (আপেল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে নির্বাচনের মাঠে ছয়জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি দলীয় প্রার্থীর মধ্যে। ধানের শীষের প্রার্থী জিএম সিরাজ এর আগে বগুড়ার অন্য একটি আসন থেকে বিএনপির মনোনয়নে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেও নৌকার প্রার্থী টি জামান নিকেতা এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চাওয়া হয়। অন্যদিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফেরানো ছাড়াও জিয়া পরিবারের মর্যাদার এই আসন ধরে রাখতে ধানের শীষে ভোট চায় বিএনপি। তবে দুই দলই এই নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে।
জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে ১৪১টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১১১টি ‘অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে তিন স্তরের নিরাপত্তাবলয় প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা। প্রতিটি ভোটকেন্দ্রেই পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কাজ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরকে হারিয়ে বিজয়ী হন। পরে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়। আজকের নির্বাচনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
