বগুড়ায় সুষ্ঠু ভোট হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২৬

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার। রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নির্বাচনের জন্য এখানে আসিনি। তবে আমেরিকা সব সময় অবাধ, সুষ্ঠু নির্বাচনকে উত্সাহিত করে। নির্বাচনে সবার জন্য শুভ কামনা থাকবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রবার্ট ই. মিলার বলেন, ‘রংপুরে আমেরিকা ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলন (এক্সারসাইজ) চলছে। সেটি  পরিদর্শনে আমি রংপুর যাচ্ছি। যেহেতু বগুড়ার ওপর দিয়েই রংপুর যেতে হচ্ছে তাই মনে করলাম এখানকার সবার সঙ্গে দেখা হবে।’ মার্কিন রাষ্ট্রদুত হিসেবে বাংলাদেশে যোগদানের পর রবাট ই. মিলার উত্তরাঞ্চলে এই প্রথম সফর করলেন।

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলারের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘এটি তার (মার্কিন রাষ্ট্রদূত) কার্টেসি ভিজিট। তিনি রংপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে এখানে এসেছিলেন।’ সোমবারের নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘না, নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি।

তবে নির্বাচনের বিষয়টি জানার পর তিনি উল্টো জানতে চেয়েছেন আমরা নিশ্চয় নির্বাচন নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি।’ ইভিএমে ভোট গ্রহণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আগ্রহ প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘বগুড়ায় যে ইভিএমে ভোট হচ্ছে সেটা তাঁর জানা ছিল না। আমরাই তাকে ইভিএমে ভোট গ্রহণের কথা বলেছি।’