স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো গেল দলবদল মৌসুমে ফুটবল বিশ্বকে হতবাক করে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পাড়ি জমান। এরপর থেকে জুভেন্তাসে রোনালদোর ফর্মে কোনো হেরফের না ঘটলেও পর্তুগিজ তারকাকে ছাড়া লা লিগায় মুখ থুবড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক রিয়াল কোচ ফ্যাবিও ক্যাপেলো মনে করেন রোনালদোকে ছাড়ার কারণে ধার হারিয়েছে দল।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে রিয়ালে যোগ দেন রোনালদো। পরের নয় বছরে এখানে জিতেছেন দুটি স্প্যানিশ লিগ, চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি কোপা দেল রে শিরোপা। গড়েছেন-ভেঙেছেন অজস্র রেকর্ড। ক্যাপেলো মনে করেন রোনালদোকে ছাড়াও ভালো খেলতে পারবে এমন বিশ্বাস থেকেই তাকে জুভেন্তাসের কাছে ছেড়েছে রিয়াল। সে চিন্তারই মূল্য দিচ্ছে বলে বিশ্বাস পর্তুগিজ কোচের। ক্যাপেলোর ভাষায়, ‘ছন্দের কথা ভাবলে রিয়াল মাদ্রিদের অবস্থা সম্ভবত আরও খারাপের দিকে যাবে। রোনালদোকে ছাড়াও জয় পাওয়া সহজ হবে এবং তাকে ছাড়াও ফলাফলে কোনো হেরফের হবে না এমন ভাবনারই মূল্য দিচ্ছে রিয়াল মাদ্রিদ।’
ক্যাপেলো মনে করেন, রোনালদো থাকাকালীন সময় প্রতিপক্ষ দলগুলোও রিয়ালকে আরো বেশি সমীহ করে চলতো। তিনি বলেন, ‘যখন ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে ছিল, প্রতিপক্ষ সবসময় তাকে ভয় করে চলতো এবং তার সতীর্থরা আরেকটু স্বাধীনতা উপভোগ করতে পারতো। সে যে কোনো সময়ই প্রতিপক্ষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারতো।’
রোনালদো ছাড়াও রিয়ালের মানসম্পন্ন খেলোয়াড়ের কমতি নেই বলেও মনে করেন ক্যাপেলো। তিনি বলেন, ‘কিন্তু এটা বলার পরেও মাদ্রিদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। এবং মার্সেলো-কারভাহালও ইনজুরি থেকে ফিরে এসেছে দলে।’
