এক প্রেমিককে বিয়ে করার জন্য তার বাড়িতে হাজির হয়েছেন দুই প্রেমিকা। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামে। প্রেমিকের নাম মিজানুর রহমান বাবু। দুই নারীর একজন ঢাকার একটি গার্মেন্টসের কর্মী অন্যজন সাভার ইপিজেড এ কাজ করেন। গত শুক্রবার সকালে তারা দু’জন ঢাকা থেকে তারাগঞ্জের হারিয়ালকুঠি ইউনিয়নের সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামে মিজানুরের বাড়িতে এসে উঠেছেন। বিয়ে না করলে দুই প্রেমিকাই আত্মহত্যার হুমকি দিয়েছেন। মিজানুরের পরিবার প্রথমে তাদেরকে বাড়ি থেকে বের করে দিলেও এলাকা বাসীর চাপের মুখে তারা দুই প্রেমিকাকেই আপাতত বাড়িতে ঠাই দিতে বাধ্য হয়েছেন। দুই প্রেমিকা ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান এবং থানার ওসিকে জানালেও এখনো কোনো সুরাহা হয়নি।
জানা গেছে, মিজানুর রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মুন্সিপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সেখানে তিনি এই দু’জনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন। সেখানে বিষয়টি জানাজানি হবার পর তিনি পালিয়ে বাড়ি চলে আসেন। স্থানীয় সাবেক ইউপি মেম্বার আনিছার রহমান আনিছ বলেন, একই সঙ্গে দু’টি মেয়ে সম্পর্কের দাবি নিয়ে এসেছে। এর মধ্যে একজন আবার অন্তঃস্বত্তা। কিভাবে সমাধান করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বাবুল বলেন, আমার কাছে বিষয়টি এসেছিল। আমি বলেছি এটা স্পষ্টভাবেই ধর্ষণের ঘটনা। আমার বিচারের এখতিয়ার নেই। আমি থানায় যেতে বলেছি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
