ইসলামিক ফাউন্ডেশন

ডিজি আফজাল পদে থাকলেও ক্ষমতা থাকছে না

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২৭

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বহুল আলোচিত মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল স্বপদে বহাল থাকলেও কোনো ক্ষমতা থাকছে না। তিনি স্বেচ্ছায় সরে না গেলে তার মেয়াদ রয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর পর্যন্ত তিনি কেবল অফিসে আসা যাওয়া করতে পারবেন। নিয়মিত পদোন্নতি, বদলিসহ কোনো ফাইলেই সই করতে পারবেন না তিনি। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। গত পরশু শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এই সিদ্ধান্ত গ্রহণের পর তা রেজুলেশন আকারে প্রকাশ করা হয়েছে।

 এর আগে, সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও বেআইনি কর্মকাণ্ডসহ নানা অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ‘চুক্তিভিত্তিক নিয়োগ কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন ইফার কর্মকর্তা কর্মচারীরা। ফাউন্ডেশনে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে শনিবার (২২ জুন) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সামীম আফজালের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। তার আগে তাকে না সরানোর কারণ, তিনি সরকারের যত টাকা তছরুপ করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। ৫০টির মতো ফাইলে তিনি দুর্নীতি করেছেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলেও এসবের হিসাব দিয়ে তবেই তাকে সরে দাঁড়াতে হবে।