দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র হচ্ছে মোংলায়

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২৮

দেশে প্রথমবারের মতো ভাসমান সৌর বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র হচ্ছে বাগেরহাটের মোংলায়। এর মাধ্যমে ১৫ মেগাওয়াট সৌর বিদ্যুত্ উত্পাদন হবে। এজন্য ভারত সরকার মোংলা পোর্ট পৌরসভাকে দিচ্ছে ১৫০ কোটি টাকা। গতকাল রবিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মোংলা পোর্ট পৌরসভার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী আলতাফ হোসেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক শেখ রিয়াজ আহম্মেদ, ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লি. এর প্রধান নির্বাহী সুধীর মোলা ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইজাজ আল কুদরত এ মজিদ। 

অনুষ্ঠানে জানানো হয়, মোংলা পোর্ট পৌরসভার পানি শোধনাগারের ৮৯ একর জমির উপর নির্মিত দুটি পুকুর ও সংলগ্ন এলাকায় দুই বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ভারত সরকারের দেওয়া অফেরতযোগ্য ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৬ মাসের মধ্যে পাঁচ মেগাওয়াট ও পরবর্তী ১৮ মাসের মধ্যে আরো ১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে। উত্পাদিত বিদ্যুত্ মোংলা পোর্ট পৌরসভা ব্যবহার করার পর বাকি বিদ্যুত্ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।